শান্তিনিকেতন থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি দুষ্কৃতী, উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক - The News Lion

শান্তিনিকেতন থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি দুষ্কৃতী, উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক




দি নিউজ লায়ন ;   শান্তিনিকেতন থেকে ৪ বাংলাদেশি দুষ্কৃতী সহ ৬ জনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। সোমবার তাদের আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়া হয়। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জেরা করবে স্পেশাল টাস্কফোর্স এর আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার যে ৪  বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে তারা হল রফিকুল ফকির, 

 

দিলা মিঞা, মুরাদ মুন্সি এবং বিলাল হোসেন। এদের প্রত্যেকের বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে এবং এরা প্রত্যেকেই বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই চারজনের পাশাপাশি বীরভূম থেকেও আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের তালতোড় এলাকায় কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী জড়ো হয়েছে বলে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে। এরপরই অভিযানে নামে বীরভূম জেলা পুলিশ। ঘটনাস্থল থেকে ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। 


পরে জানা যায় এদের মধ্যে চারজনই বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী। এদের কাছ থেকে উদ্ধার হয় দুটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন এম এম পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি, সাড়ে পাঁচ কেজি বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীদের জেরা করে জানা গিয়েছে এরা মূলত সুপারি কিলার হিসেবে কাজ করে । 


তবে ঠিক কি কারণে এরা বীরভূমে এল, কে তাদের সুপারি দিল, কাকে মারার চক্রান্ত করেছিল তারা- এই বিষয়গুলি এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিধানসভা ভোটের আগে বড় ধরনের গণ্ডগোল পাকাতে এদের বীরভূমে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে এদের টার্গেট কে বা কারা ছিল। যেহেতু দুষ্কৃতীদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গিয়েছে এবং তাদের সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে তাই তাদের এসটিএফ জেরা করবে বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। 


বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যেহেতু গ্রেপ্তার হওয়া ছয়  দুষ্কৃতীদের মধ্যে চারজন বাংলাদেশি তাই এই তদন্তের ভার দ্রুত স্পেশাল টাস্ক ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বীরভূম জেলা দখলের জন্য বিজেপি বাংলাদেশি দুষ্কৃতীদের এই জেলায় জড়ো করছে।


 বস্তুত এর আগেও ভোটের আগে ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ দুষ্কৃতী বীরভূমে ঢুকিয়েছিল বিজেপি এবং সিপিএম। বিধানসভা ভোটের আগে এবার বাংলাদেশ থেকে সুপারি কিলারদের ভাড়া করে এনে তৃণমূল নেতাদের ওপর হামলার পরিকল্পনা করেছে বিজেপি এমনই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সূত্র মারফত জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে আরো বেশ কিছু নাম তদন্তে উঠে আসছে তাদের খোঁজে ইতিমধ্যে বোলপুর, লাভপুর, নানুরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.